ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা শহীদ শরীফ ওসমান হাদির নির্মম হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি।
শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুমআ কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদি মসজিদ প্রাঙ্গণ থেকে এই মার্চ শুরু হয়। পরে মিছিলটি সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকা প্রদক্ষিণ করে বিকেলে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কর্মসূচিতে অংশ নেয় বিপুল সংখ্যক ছাত্র-জনতা। কয়েকটি পিকআপ ও শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে তারা জেলার প্রধান সড়ক ও একাধিক উপজেলা প্রদক্ষিণ করে। পুরো কর্মসূচিজুড়ে ‘খুনিদের বিচার চাই’, ‘ইনসাফ না হলে রাজপথ ছাড়বো না’সহ বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে কিশোরগঞ্জ।
দীর্ঘ পথ অতিক্রম করে মিছিলটি গুরুদয়াল সরকারি কলেজের মুক্তমঞ্চে এসে সমাবেশে রূপ নেয়। সমাবেশে বক্তারা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন আরও কঠোর ও বিস্তৃত করা হবে।
কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাসুদুর রাহমান আদনান, সদস্য নকিব নজরুল, সোহেল বেপারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মন্বনয়ক অভি চৌধুরী, ছাত্র নেতা আশিকুজ্জামান আশিক, আশরাফুল ইসলাম নাদিম, মাজহারুল ইসলামসহ বিপুল সংখ্যক ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।